স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগরে ভুয়া দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের অভিযোগে ভাইবোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেনÑ উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঠিকা গ্রামের মৃত নুরনবীর ছেলে মো. ইকবাল হোসেন এবং মেয়ে নয়ন বেগম।
জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন চর কাদিরা ইউনিয়নের চরঠিকা এলাকায় অবস্থিত ৮৬ শতক জমি জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তী সময়ে ওই জমির মালিকানা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাল ও ভুয়া দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজন করেন। জমিটির প্রকৃত মালিক চর কালকিনি এলাকার মোসলেহ উদ্দিন এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা পায় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন জানান, ভূয়া কাগজপত্রের মাধ্যমে নামজারি সৃষ্টি ও অবৈধভাবে জমি ভোগদখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভূমি দখল, জালিয়াতি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল আলম বলেন, দন্ডপ্রাপ্ত দুইজনকে বিকেলে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
মেঘনার তীর 


















