তাবারক হোসেন আজাদ: নম্র-ভদ্র- বিনয়ী- শান্ত জুনায়েদ ইসলাম সিফাত (১৮)। একাদশ শ্রেণীতে পড়ে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রী কলেজে। ২৫ বছর আগে মা-বাবার সঙ্গে রায়পুর শহরে এসেছিল। তখন তার বয়স ছিলো ১০ বছর। মঙ্গলবার দুপুরে ধূসর রঙের পাঁচতলা ভবনের নিচে বাসার দরজার সামনে দাঁড়িয়ে থাকা আকাশি রঙের শার্ট আর কালো ট্রাউজার পরা যুবক সিফাতের দিকে। চোখেমুখে বিষণ্নতা। চুপচাপ একদৃষ্টিতে ভবনটির দিকে তাকিয়ে থাকে সে।
মা শাহিনুর বেগম ও তিন বোনকে কুমিল্লার হোমনায় দাফন শেষে গত রোববার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে ফিরে আসে সিফাত। সঙ্গে এসেছেন তার এক মামা। রায়পুর শহরের ধানহাটা এলাকার নদীর পাড়ে বাড়িটিতে আসে সে। এই বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকে সিফাতরা। গত বৃহস্পতিবার সকাল ৯টায় সেখানেই ঘটে যায় নৃশংস-নির্মম হত্যাকাণ্ড।
সিফাতদের ফ্ল্যাটের দরজায় বড় তালা ঝুলছে এখনো। বাড়ি ফিরলেও সেখানে প্রবেশের প্রয়োজন নেই আর। ভেতরে তার অপেক্ষায় নেই কেউ। তবু সিফাত বন্ধ দরজার সামনে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। আশপাশের প্রতিবেশীরা তাকে দূর থেকে দেখেই ছুটে এসেছিলেন। সিফাতকে তারা বহু কথাই বলে যান। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। উত্তরে কোনো কথা বলে না সে। এক সহপাঠী কেবল পাশ থেকে জড়িয়ে ধরে রাখে তাকে।
সিফাতের আসার খবর শুনে সেখানে ছুটে যাই। কথা বলতে চাইলে খানিকটা সময় নেয় সে। এই প্রতিবেদককে বলে, ‘এই ঘরেই তো আমার মা ও বোনেরা ছিল। এখনো ঘরটা ফাঁকা পড়ে আছে; কিন্তু তারা কেউ নেই। সব শেষ হয়ে গেছে।’ এরপর অনেকক্ষণ আর কোনো কথা বলে না সে।
গত বৃহস্পতিবার ধানহাটা এলাকার বাড়িটিতে কুপিয়ে হত্যা করা হয় সিফাতের মা শাহিনুর বেগম (৩৮) এবং তাঁর তিন বোন সাইমা আক্তার (২০), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ফাতেমা আক্তার সিপাকে (৯)। খুনের ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত অন্তর মজুমদারকেও (২৮) স্থানীয় লোকজন আটক করে গনপিটুনি দেন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্তরের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের ধানহাটা এলাকায় মা ও তিন মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় নিয়ে দাফন করাহয় তাদের।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর বাসায় থাকা ধর্ষণ ও স্বর্ণালংকার লুট হয়েছে—এমন ধারণা করেছিলেন নিহত শাহিনুর বেগমের স্বজনেরা। পুলিশও সেটিকে গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ বাসাটিতে তল্লাশি চালিয়ে দেখে, কেউ ধর্ষণও হয়নি ও স্বর্ণালংকার বা টাকাও খোয়া যায়নি। সেসব উদ্ধার করা হয়েছে। এতে শুধু লুটপাটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটানো হয়—এমন ধারণা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
৪র্থ শ্রেণীর ছোট বোন সিপা (৯) বড় আদরের ছিল সিফাতের। পুরো বাসায় খেলে বেড়াত সে। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে একবার কেবল মা ও সিপার নাম ধরে ডাকল সে। বলল, ‘সিপা ও মা তো নেই। চোখে মুখে পানি ছলছল করছে।’
কেন এই নৃশংস হত্যা তা কোনোভাবেই বুঝতে পারছে না জুনায়েদ ইসলাম সিফাত। তবে গয়না ও কিছু টাকার লোভেই অন্তর তাদের বাসায় ঢুকেছিলেন বলে তার ধারণা। সে বলে, ‘সামান্য কিছু স্বর্ণালংকার আর অল্প কিছু টাকা ছিল। আমার মনে হয়, সেগুলো খুঁজতেই ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলা হয়েছিল; কিন্তু ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় এবং বাসার সামনে লোকজন জড়ো হওয়ায় মাদকাসক্ত অন্তর স্বর্ণালংকার নিতে পারেননি। তাড়াহুড়া করে ভবনের ছাদ দিয়ে বের হতে যান।’
লেখাপড়ার পাশাপাশি একটি দোকানে সাত হাজার টাকা বেতনে চাকরি করে সিফাত। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দোকানের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যায় সে। বের হওয়ার পর মা শাহিনুর বেগম ফোন করে জানতে চান, সিফাত নাশতা করেছে কি না। সেটিই ছিল মা ও ছেলের শেষ কথা।
বেলা ১০টার দিকে বাসার ভেতর থেকে হঠাৎ চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন বাসায় ঢুকে দেখেন, শাহিনুর বেগম ও তাঁর মেয়ে ফাতেমা আক্তার সিপা রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন। গুরুতর আহত অবস্থায় সাইমা আক্তার ও নাফিসা আক্তার ইকরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়।
প্রতিবেশীরা ঘরে ঢোকার পর সেখানে থাকা অন্তর মজুমদার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দেয় তাঁকে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
সিফাতদের বাসার পাশেই বসবাস করা গৃহবধু আফরোজা বেগম বলেন, বাসার ভেতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার করছে-এটি শুনে জানালার পাশে দৌড়ে গিয়েছিলেন তিনি। সেখানে দাঁড়িয়ে বারবার শাহিনুর বেগমকে ডেকেছেন; কিন্তু কোনো সাড়াশব্দ পাননি।
তিনি বলেন, ‘প্রথমে চিৎকার শুনছিলাম। পরে হঠাৎ সব চুপ হয়ে যায়। অনেকক্ষণ পর জানালা দিয়ে দেখি, একজন রান্নাঘরের দিকে যাচ্ছে। আমি ভেবেছিলাম, ওটা হয়তো শাহিনুরের ছেলে সিফাত। আমি সিফাত সিফাত বলে ডাকলাম; কিন্তু কোনো উত্তর পাইনি। কিছুক্ষণ পর জানালা বন্ধ করার শব্দ শুনি। তখন আমার সন্দেহ আরও বেড়ে যায়।’
পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় আফরোজা বাইরে থেকে বাসার দরজা আটকে দেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। পরে প্রতিবেশীরা একসঙ্গে ঘরে ঢুকে মেঝেজুড়ে রক্ত এবং মা ও তিন মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় অভিযুক্ত অন্তর মজুমদার পালানোর জন্য ভবনের ছাদে উঠে যান। লোকজন সেখান থেকে ধরে এনে তাঁকে পিটুনি দেয়।
পৃথক দুটি মামলার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল মান্নানের মতে, এ মামলার তদন্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঘটনাস্থলে উপস্থিত পাঁচজনের কেউই জীবিত নেই। ঘটনাস্থলে যে পাঁচজন ছিলেন, তারা সবাই মৃত। চারজন নিহত হয়েছেন হামলায়, আর অভিযুক্ত গণপিটুনিতে মারা গেছেন। ফলে ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল, তা সরাসরি বর্ণনা করার মতো কোনো প্রত্যক্ষ জীবিত সাক্ষী নেই। এ কারণে আলামত, ফরেনসিক তথ্য ও পারিপার্শ্বিক প্রমাণের ওপর নির্ভর করেই তদন্ত এগিয়ে নিতে হচ্ছে।
ঘটনাস্থলের পাশের বাসার ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, ‘ঘটনার সময় আমি আমার ফার্নিচারের দোকানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে যাই; কিন্তু গিয়ে দেখি, সব শেষ। ঘরের ভেতরে ঢুকে যে দৃশ্য দেখেছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। বাসার ভেতরে রক্তে ভেসে যাচ্ছিল। নিহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। এমন ভয়াবহ দৃশ্য কখনও দেখিনি। ‘আমাদের ধারণা, অন্তর মজুমদার একাই এ ঘটনা ঘটিয়েছেন। চিৎকার শুনে আমি যখন বাসার গেটের সামনে পৌঁছাই, তখন তাঁকে নিচতলা থেকে দ্রুত ছাদের দিকে উঠতে দেখি। পরে এলাকাবাসী তাকে আটক করে। তদন্তে কী বের হবে, সেটা পুলিশের বিষয়। তবে আমরা যা দেখেছি, তাতে মনে হয়েছে, ঘটনাস্থলে তখন অন্তরই ছিলেন।’
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ বাসাটিতে তল্লাশি চালিয়ে দেখে, স্বর্ণালংকার ও টাকাসহ কোন কিছুই খোয়া যায়নি। সেসব উদ্ধার করা হয়েছে। এতে শুধু লুটপাটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—এমন ধারণা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গণপিটুনির শিকার অভিযুক্ত অন্তর মজুমদারের কাছ থেকেই ফোন দুটি উদ্ধার করা হয়। বাসা থেকে বের হওয়ার সময় অন্তর ফোন দুটি সঙ্গে নিয়ে বের হয়েছিল। কেন তিনি ফোন দুটি নিয়েছিলেন, সেটি তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
মোবাইলফোনে পূর্বযোগাযোগের প্রমাণ মেলেনি বলে জানিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, তদন্তের অংশ হিসেবে নিহত পরিবারের সদস্যদের ব্যবহৃত মুঠোফোন এবং অন্তর মজুমদারের মুঠোফোনের কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ঘটনার আগে তাদের মধ্যে কোনো ফোনালাপ বা নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে পূর্বঘনিষ্ঠতারও প্রমাণ মেলেনি। তবে সে মাদক সেবন করতো। মুসলিম পরিচয়ে থাকত। ঘটনাস্থলে উপস্থিত পাঁচজনের কেউই জীবিত নেই। তাঁরা সবাই মারা গেছেন। চারজন নিহত হয়েছেন হামলায়। অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে মারা গেছেন। ফলে ঘটনাস্থলে ঠিক কী ঘটেছে, তা সরাসরি বর্ণনা করার মতো কোনো প্রত্যক্ষ জীবিত সাক্ষী নেই। এ কারণে আলামত, ফরেনসিক তথ্য ও পারিপার্শ্বিক প্রমাণের ওপর নির্ভর করেই তদন্ত এগিয়ে নিতে হচ্ছে। থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। নিহত শাহীনুর বেগমের ছেলে জুনায়েদ ইসলাম সিফাত বাদী হয়ে শুক্রবার এ মামলা করেন। মামলায় অভিযুক্ত অন্তর মজুমদার ছাড়া বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অন্তর মজুমদার গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে।
প্রায় ২৫ বছর আগে জীবিকার সন্ধানে পরিবার নিয়ে কুমিল্লা থেকে রায়পুরে এসেছিলেন সিফাতের দরিদ্র বাবা কামাল হোসেন। ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। সেই থেকে শাহিনুর বেগমই চার সন্তানকে নিয়ে সংগ্রাম করে সংসার চালিয়ে আসছিলেন।
সিফাতের দোকানের মালিক ও রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, ‘পরিবারটি খুবই অসচ্ছল ছিল। অনেক কষ্টের মধ্যেও মা শাহিনুর বেগম সন্তানদের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। ছেলে-মেয়েরা সবাই অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। মানুষের সহযোগিতা আর সিফাতের সামান্য আয়ে কোনো রকমে সংসার চলত। মা ও তিন বোনকে হারিয়ে সিফাত নিস্তব্ধ হয়ে গেছে। আগে যে ছেলেটিকে সব সময় হাসিখুশি দেখতাম, এখন তার মুখে কোনো কথা নেই।’
রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির শিক্ষক মোঃ তারেক বলেন–‘নিহত তিন বোনই অত্যন্ত মেধাবী, নম্র ভদ্র শান্ত স্বভাবের ছিল। নিহত সাইমা ও নাফিসা স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে। অর্থনৈতিক অবস্থা ভালো না হলেও লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ ছিল। মেধাবী তিনটি মেয়ের জীবন এভাবে ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।’
ঘটনার পর থেকে ধানহাটা এলাকার ডাকাতিয়া নদীর পাড়ের পরিবেশ যেন পাল্টে গেছে। উপজেলা কমপ্লেক্সে, বাজার, চায়ের দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব জায়গায় আলোচনার বিষয় একটি—কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের আইনশৃংখলা কমিটির সভাতেও সেই ঘটনার বিষয়ে কথা বলছিলেন সবাই। কেউ বলছেন, এত ভয়াবহ হত্যাকাণ্ড রায়পুরে আগে দেখেননি। জানতে চাইছেন, কেন এমন ঘটনা ঘটল। আবার কেউ দ্রুত রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন।
নিহতদের বাসার কাছে চায়ের দোকানে বসা স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই এখন মানুষ এ ঘটনার খোঁজ নেয়। পুলিশ কী পেল, রহস্য বের হলো কি না, এসব নিয়েই আলোচনা। সবাই চায় দ্রুত সত্যটা সামনে আসুক। পাশে বসা মো. সোহেল বলেন, ‘এখন সন্ধ্যার পর মানুষ আগের মতো আড্ডা দেয় না। সবাই ভয় নিয়ে চলাফেরা করছে। এত বড় একটি ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে।’ রোববার বিকালে রায়পুর শহরের ওসমান চত্বরে মা ও তিন বোনের হত্যার রহস্য উদঘাটনে ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্খি, এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ।।
খুনের ঘটনার সঙ্গে অন্তর মজুমদার ছাড়া আর কোন রাঘব বোয়াল বা কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
‘রায়পুরের সাধারণ ছাত্র সমাজ’–এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নিয়ে নাফিসা আক্তার ইকরার সহপাঠী হাফসা কবির বলেন, ঘটনার ৬ দিন পার হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এতে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হলে সবধরন গুঞ্জন ও ধোঁয়াশার অবসান হবে।
এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন হয়।
এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, এই হৃদয়বিদারক ঘটনা রায়পুরবাসীকে স্তব্ধ করে দিয়েছে। এক দিনেই মা ও তিন বোনকে হারিয়ে সিফাত যে অসহনীয় শোকের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তার এই দুঃসময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তারপাশে থাকবে প্রশাসন। ঘাতক নিহত অন্তর মজুমদার একজন মাদক সেবনকারি ছিলো। হয়তো মাদকের টাকা জোগাড় করতেই এই হত্যাকান্ড ঘঠিয়েছে বলে মঙ্গলবার আইনশৃংখলা কমিটির সভায় ওসি জানিয়েছেন।।
মেঘনার তীর 



















