স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত ‘অপু গ্রুপ’-এর প্রধান আবু হানিফ অপুকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোর রাত ৩টার দিকে লক্ষ্মীপুর জেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ২৫ জুন দুপুরে প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে কুমিল্লা জেলা পুলিশ।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয় এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী ও ‘অপু গ্রুপ’-এর নেতা আবু হানিফ অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগে।
তিনি জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থেকে আবু হানিফ অপুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, আবু হানিফ অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মেঘনার তীর 



















