স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার বামনী ইউনিয়নের কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। প্রায় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালিটি কাফিলাতলী সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তারের সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো বিভিন্ন সামাজিক অপরাধও বাড়তে পারে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের সচেতন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা গেলে তারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থাকবে।
তিনি বলেন, তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সচেতন মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেঘনার তীর 












