রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘জুলাই সনদের প্রতিটি “সেমিকোলন” বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ অন্যান্য কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। জুলাই কোনো একক দলের বিষয় নয়; এটি সকলের। আমরা যদি জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে না পারি, তাহলে আগামীতে জনগণ আমাদের গ্রহণ করবে না।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি এসব কথা বলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও সম্মুখসারির শিক্ষার্থীরা বক্তব্য দিয়েছেন। তারা চব্বিশের ৪-৫ আগষ্টের দিনের আন্দোলনের সময়কার নানা অভিজ্ঞতা, প্রতিকূলতা ও স্মৃতিচারণ করেন। আন্দোলনে অংশগ্রহণে শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল এবং বিএনপি নেতা শফিকুল আলম আলমাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।
মেঘনার তীর 












