স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আলী হোসেন হৃদয় নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট বাজারে নিউ তৃপ্তি বেকারিতে যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এনএসআই’র তথ্যের ভিত্তিতে দাসের হাট বাজারের নিউ তৃপ্তি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বেকারি কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া খাবার তৈরিতে অবৈধ বিভিন্ন রাসায়নিক ব্যবহার ও মোড়কে তারিখ না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধ প্রমাণিত হয়েছে। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক সুমধু চক্রবর্তী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। তার নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক সুমধু চক্রবর্তী, র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্প, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মেঘনার তীর 












