স্টাফ রিপোর্টার: ঢাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তার অভিযোগ, সরকারি দলের এক সংসদ সদস্যের নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে মান্দারী বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের বর্তমান সংকটের সূচনা করেছে সরকার। ঢাকায় স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার ঘটনা শুধু একটি হাসপাতাল ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক বার্তা গেছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সহ-সেক্রেটারি ডাক্তার কাওসার আহমেদ ও ইকবাল হোসাইন, জামায়াত নেতা নুর মো. রাসেল এবং মান্দারী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাসরুর আলমসহ স্থানীয় নেতারা।
মেঘনার তীর 



















