স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের করিম টাওয়ারে আবুল খায়ের ভূঁইয়া এমপির কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, একেএম ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে দক্ষিণ হামছাদী ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দল-মতের ঊর্ধ্বে উঠে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি যুব সমাজকে সঙ্গে নিয়ে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কাজ করে আসছেন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন ফরিদ উদ্দিন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কথাও জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী একেএম ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সঙ্গে আছি এবং সামাজিক উন্নয়ন ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ছিলাম। দল আমাকে মনোনয়ন দিলে দক্ষিণ হামছাদী ইউনিয়নের মানুষের সমর্থন নিয়ে বিজয়ী হতে চাই। বিজয়ী হয়ে আবুল খায়ের ভূঁইয়া এমপিকে চেয়ারম্যান পদটি উপহার দিতে চাই।
তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন, মাদক ও ইভটিজিং প্রতিরোধ এবং অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় রয়েছে তার।
মেঘনার তীর 



















