স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে এনসিপির সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে তারা বিএনপি এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের সমালোচনা করেন।
সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন সারজিস আলম। তার অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সারজিস আলম ও স্থানীয় এনসিপির নেতা-কর্মীরা নিরাপত্তার জন্য শহরের একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নেন।
এদিকে হামলার সময় নাসির উদ্দিন পাটোয়ারী নিরাপদে ঢাকা অভিমুখে রওনা হন বলে দলীয় সূত্র জানিয়েছে।পরে পুলিশি নিরাপত্তায় সারজিস আলমকে হবিগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন। ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মেঘনার তীর 


















