স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টার অভিযোগে অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক ও ইউপি সদস্য আবদুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৭ থেকে ৮ জনের একটি দল অস্ত্র নিয়ে আবদুল খালেকের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক স্থানীয়দের সহযোগিতায় তাদের ধাওয়া করেন।
এ সময় দলের অন্য সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় পালিয়ে যেতে সক্ষম হলেও মাসুম পালাতে পারেননি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি বগি দা, দুটি লম্বা কিরিচ, একটি ছেনি, দুটি জিআই পাইপ এবং বিভিন্ন রঙের চারটি মুখোশ জব্দ করা হয়।
পরে বৃহস্পতিবার বিকেলে আবদুল খালেক ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ডাকাতির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেঘনার তীর 












