স্টাফ রিপোর্টার: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছিল বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে। তিনি দাবি করেন, ওই সময়ে বর্তমান বিরোধী দল কোথায় ছিল—এ প্রশ্নের উত্তর জনগণের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমরা বাংলাদেশী’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট ও যুগপৎ আন্দোলন করেছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর কেউ কেউ দাবি করছেন যে তারা এককভাবে আন্দোলন করেছেন, তবে একটি গণঅভ্যুত্থানের পেছনে দীর্ঘদিনের আন্দোলনের ভিত্তি প্রয়োজন।
তিনি আরও বলেন, সব আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং সবার বিরুদ্ধে মামলা একই ধরনের নয়। বিরোধী দল সংসদে ভালো আওয়ামী লীগকে সঙ্গে নেওয়ার কথা বলছে—এ ধরনের বক্তব্য বিভাজন তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালের বিষয় বাদ দিলেও ১৯৮৬ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে বিভিন্ন গণআন্দোলনে কারা অংশ নিয়েছে, তা বিবেচনা করা প্রয়োজন। তিনি দাবি করেন, নির্বাচনের আগে বিভিন্ন আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকা এবং প্রবাসী ভোট ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে কিছু আসনে সমস্যা হয়েছে।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। দেশের মানুষ এখন স্বাভাবিক জীবনযাপন করতে চায়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময় পার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব সমস্যার সমাধান এখনো সম্ভব হয়নি, তবে সরকার কাজ করছে।
সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।
এ্যানি আরও বলেন, বিগত সময়ে চুরি ও লুটপাটের কারণে দেশকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকারও দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ‘আমরা বাংলাদেশী’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে।
মেঘনার তীর 


















