স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ আশা আক্তার তানিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার বিকেলে রায়পুর থানার সামনে নিহতের পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো। তিনি বলেন, তানিয়ার মৃত্যুর ঘটনায় প্রকৃত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনার কয়েক দিন পার হলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
নিহতের ভাই বলেন, “আমার বোন হত্যার বিচার চাই। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় পরিবারের সদস্যরা অভিযুক্ত আব্দুল মান্নান ও রুবিনা আক্তারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পশ্চিম কলাকোপা নোয়াবাড়ি এলাকায় আশা আক্তার তানিয়ার রহস্যজনক মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনার তীর 












