স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার প্রতি আরও মনোযোগী ও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে, যাতে আমাদের সন্তানরা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রাথমিক পর্যায়ে ধীরে ধীরে ধর্মীয় শিক্ষাও নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করেছে। মেয়েদের শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। মাস্টার্স পর্যন্ত মেয়েদের উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। নারীদের উন্নয়নে সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে।
শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিমসহ অনেকে।
মেঘনার তীর 


















