স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হচ্ছে, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবু (৩৫), রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সদস্য রাশেদুল হাসান (৪২), ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ পারভেজ হোসেন (২৪), ওয়ার্ড শ্রমিক লীগের সক্রিয় কর্মী ফয়সাল হোসেন (৩১) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ মুরাদ (২৪)সহ আওয়ামীলীগের অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০ নেতাকর্মী।
পুলিশ জানায়,নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা করার চেষ্টা করছিল। এখবর পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন ও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সন্ত্রাস বিরোধী আইন ও নাশকতার মামলায় তাদের আওয়ামীলীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের ৫ নেতাসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াজাতকরণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মেঘনার তীর 












