স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে একটি অবৈধ ড্রেজার ও প্রায় ৪ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পরে জব্দ করা ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় রায়পুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনার তীর 












