স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কলেজ ছাত্র আশরাফুল ইসলাম খান হত্যা মামলার আসামি রাসেল চৌধুরীকে ছয় মাস পর গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রায়পুরের ২ নম্বর ওয়ার্ড চরবংশী এলাকার কলেজ ছাত্র আশরাফুল খানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাসেল চৌধুরী এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়।
২০২৬ সালের জানুয়ারি মাসে মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দেওয়ার সন্দেহে রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়।
ঘটনার পর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি শাহিন বেপারীসহ কয়েকজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে র্যাব-১১ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শাকিল বেপারী, সোহাগ বেপারী ও মোক্তার পাটওয়ারীকে গ্রেফতার করে। তদন্তের ধারাবাহিকতায় এবার রাসেল চৌধুরীকেও আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার পর পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে নিহত আশরাফুলের পরিবার ও স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামির দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন।
মেঘনার তীর 


















