স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। সেদিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এদিকে স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।
মেঘনার তীর 












