স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে সুপারি গাছে না উঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেন(৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সকালে রসুলগঞ্জে অভিযান চালিয়েতাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে গ্রেফতারকৃত রুবেল হোসেনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে শিশুর বাবা শাহেদ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রুবেল হোসেন সদর উপজেলার চররুহিতা এলাকার বাসিন্দা। নিহত শিশু রিশাদ হোসেন একই উপজেলার চররুহিতা এলাকা শাহেদ হোসেনের ছেলে।
এদিকে অভিযুক্ত রুবেলের বিচারের দাবীতে বিক্ষোভ করেছে স্বজনসহ স্থানীয়রা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, শিশু রিশাদ হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় রুবেল হোসেন নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে রিশাদ হোসেনকে সুপারি পাঠতে গাছে উঠতে বলে রুবেল হোসেন। কিন্তু রিশাদ উঠবে না বলে জানিয়ে দেয়। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে রিশাদ হোসেনকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় রিশাদকে উদ্ধার করে সন্ধ্যায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেঘনার তীর 













