স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় যথাযথ লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে পশু জবাই ও মাংস বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ লাইসেন্স না থাকা এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান।
অভিযান পরিচালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও তাঁর প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মেঘনার তীর 












