স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী এ. রব (আবদুর রব) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোরশেদ আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেনের মধ্যে পাল্টাপাল্টি মামলা ও অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সভাপতি মোরশেদ আলম অভিযোগ করেছেন, কামাল হোসেন তার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করায় আদালতে মামলা করেছেন। অপরদিকে কামাল হোসেন দাবি করেন, দায়িত্ব দেওয়ার সময় সভাপতি তার কাছ থেকে তিনটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিলেন। পরে সেই স্ট্যাম্প ব্যবহার করে মিথ্যা মামলা করা হয়েছে। স্ট্যাম্প উদ্ধারের জন্য তিনি আদালতে মামলা দায়েরের পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডেও লিখিত অভিযোগ করেছেন।
কামাল হোসেনের অভিযোগ, বিদ্যালয়ের অর্থ উত্তোলন ও কিছু প্রশাসনিক সিদ্ধান্তে তিনি সম্মতি না দেওয়ায় সভাপতির সঙ্গে বিরোধ তৈরি হয়। অন্যদিকে সভাপতি মোরশেদ আলম বলেন, ধার দেওয়া টাকা আদায় করতেই তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং অলিখিত স্ট্যাম্প নেওয়ার অভিযোগ সত্য নয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন জানান, শিক্ষা বোর্ডের নির্দেশে অভিযোগের তদন্ত চলছে। আগামী ৩ আগস্ট উভয় পক্ষকে সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত হতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হবে।
মেঘনার তীর 












