স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ‘জিনিয়াস হান্টিং সিজন-৩’ কর্মসূচির আওতায় ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে বিং এডুকেটেড। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। শনিবার (১ আগস্ট) সকালে দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিং এডুকেটেডের সমন্বয়ক হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দালালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রিয়াজ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী বাহার পাটোয়ারী এবং প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত উৎসাহ ও সহায়তা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষা উন্নয়নে বিং এডুকেটেডের বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।
অনুষ্ঠানে মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল গ্রেডে ১৪ জন এবং জেনারেল গ্রেডে ২৫ জনসহ মোট ৩৯ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
মেঘনার তীর 












