স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে রাজনৈতিকভাবে মূল্য দিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন, সেই অবস্থানের বিরুদ্ধে গেলে বিএনপি জনসমর্থন হারাবে এবং রাজনৈতিকভাবে পতনের মুখে পড়বে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট এখনো বিদ্যমান। একই সঙ্গে কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশা অনুযায়ী চালু না হওয়া এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত চুক্তি না আসাও সরকারের ব্যর্থতার পরিচয় বহন করে।
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে এনসিপির মুখ্য সংগঠক বলেন, ভোটের দিন রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজি হয়েছে। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল বলেও তিনি অভিযোগ করেন।
পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে বিএনপির তিনটি প্রধান দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা। প্রায় ৭০ শতাংশ ভোটার রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জনগণের দেওয়া সংস্কারের রায় উপেক্ষা করে বিএনপি যদি সংস্কারবিরোধী অবস্থান নেয়, তাহলে দলটি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জনসমর্থন হারাবে।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অপরাধের বিচার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে ছাড় দেওয়া হচ্ছে এবং বিচার কার্যক্রম যথাযথভাবে এগোচ্ছে না।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।
মেঘনার তীর 












