স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ এবং নদীতীর রক্ষায় জরুরি প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পানিসম্পদমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাতকানিয়া-লোহাগাড়ার বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত বাঁধ, নদীতীর ভাঙন এবং ঝুঁকিপূর্ণ এলাকার সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও নদীতীর সংরক্ষণে জরুরি প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকাগুলোতে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ ও নদীতীর রক্ষায় প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং দ্রুত কার্যক্রম শুরু করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাতকানিয়া-লোহাগাড়ার বন্যাকবলিত ও ভাঙনঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হলে স্থানীয় জনগণের জানমাল ও কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মেঘনার তীর 












