স্টাফ রিপোর্টার: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের অভিযোগ করেছেন, জুলাইয়ে ভূমিকা রাখা ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে মোবাইল চুরির মামলা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হতো, বিএনপিও এখন একই ধরনের কর্মকাণ্ড করছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণহত্যার বিচার দ্রুত কার্যকর এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস এ সমাবেশের আয়োজন করে।
ড. আহমদ আব্দুল কাদের বলেন, জুলাইয়ের প্রতি শ্রদ্ধা থাকলে এবং দেশের কল্যাণ চাইলে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবে বর্তমান কর্মকাণ্ডে সেই লক্ষণের প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি বলেন, রাজনৈতিক নেতারা ভালো কথা বললেও বাস্তবে নিজেদের কর্মীদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। কর্মীদের এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা না গেলে দেশকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে জনগণ কোনো দলকে ক্ষমতায় দেখতে চাইবে না বলেও মন্তব্য করেন তিনি।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। দেশে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি দেশের সব স্তরের জনগণকে ন্যায়বিচার, শান্তি ও একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার এবং জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মেঘনার তীর 












