স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিলেও বিএনপি সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ বিজয় চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠন করার পর সিদ্ধান্ত নিয়েছে তারা সংস্কার করবে না। জুলাইয়ে যারা রাজপথে নেমেছিল, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দেবে। ৭০ শতাংশ মানুষের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র চালাতে চাইলে সেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, এনসিপি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের রাজনীতি চালিয়ে যাবে। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। এর আগে রায়পুর বাজারে এনসিপি আয়োজিত পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। পরে সেখান থেকে ‘জুলাই পদযাত্রা’ শহীদ বিজয় চত্বরে এসে শেষ হয়। জেলা এনসিপির যুগ্ম আহবায়ক রায়পুর পৌরসভার মেয়র প্রার্থী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, জেলার নেতা আরমান হোসেন, সাদ্দাম হোসেন সুজা উদ্দিন ও আরিফ হোসেন প্রমুখ। এছাড়া পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম :
৭০ ভাগ মানুষের রায় উপেক্ষা করে রাষ্ট্র চালানো যাবে না- লক্ষ্মীপুরে হাসনাত আবদুল্লাহ
-
মেঘনার তীর - আডেট সময় ১১:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 56
Tag :
জনপ্রিয় সংবাদ




















