স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাত আক্তার দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে আবিরনগর এলাকার খামার বাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, রোববার সকালে জান্নাত স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী জামাল উদ্দিন বলেন, জান্নাত খুব শান্ত স্বভাবের শিশু ছিল। বাড়ির পাশের পুকুরটি কচুরিপানায় ঢাকা থাকায় সবার অগোচরে সে পানিতে পড়ে ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মেঘনার তীর 


















