মোংলা প্রতিনিধি: মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন করা হবে। সেখানের গ্যাসেই বিদ্যুৎ উৎপাদন করা হবে ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া চিটাগং বন্দরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মোংলা বন্দরকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
রোববার(১৬ আগস্ট) বিকেলে বাগেরহাটের মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, “মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে। সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এরপর মোংলায় সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে।”
মোংলা অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী আরও জানান, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া আগামী অক্টোবরে মোংলার বিশেষ অর্থনৈতিক জোনের কাজ শুরু হবে, যার মাধ্যমে এই অঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ; এদেশের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।”
চিটাগং বন্দরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, সরকার মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। মোংলাকে একটি সফল বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে পরিণত করতে এসব প্রচেষ্টা দ্রুত বাস্তবায়ন করা হবে।
মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম প্রমুখ।#
মেঘনার তীর 












