মোংলা প্রতিনিধি। সুন্দরবনে নতুন দস্যু দল গঠনের সাথে সাথে আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ । সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত সুন্দরবনের সেলা নদী ও মোংলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা মোঃ নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)।
মঙ্গলবার ( ২৬ মে) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানায়, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সূত্রে খবর আসে, সম্প্রতি (১৭ মে) আত্মসমর্পণ করা কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্য কোস্ট গার্ডের চোখ ফাঁকি দিয়ে ‘চাচা- ভাইরপো’ নামে একটি নতুন দস্যু দল গঠনের চেষ্টা করছে।
তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজমুল ও হানিফকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে সদ্য তৈরি করা ‘চাচা- ভাইরপো’ নাম সম্বলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার( ২৬ মে) ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ যৌথভাবে মোংলা উপজেলার সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
সেখান থেকে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে দস্যু ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেঘনার তীর 



















